ইবিতে ফরম বিতরণ ১০ ডিসেম্বর থেকে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ভর্তি ফরম বিতরণ ১০ ডিসেম্বর শুরু এবং শেষ হবে ১০ জানুয়ারি। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জানুয়ারি। ফরম পাওয়া যাবে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ।
ভর্তি পরীক্ষা কমিটির সভায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি বছর মোট সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ফরমের মূল্য ধরা হয়েছে আড়াইশ (২৫০) টাকা।
ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় মোট জিপিএ ৫ এবং যে কোন একটিতে নূন্যতম জিপিএ ২ পেতে হবে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় মোট জিপিএ ৫.৫ এবং একটিতে কমপক্ষে ২.৫ পেতে হবে।
