গাজীপুরে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ
সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের উত্তরার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গোপন বৈঠকে যোগদানের অভিযোগে গাজীপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির-উদ-দৌলার অপসারণের দাবিতে সোমবার তাঁর কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ১৪ দল।
তবে ইউএনও নাসির-উদ-দৌলা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমি কোন গোপন বৈঠকে যোগ দেইনি বা এ ব্যাপারে কিছুই জানি না।” তিনি জানান, সাংবাদিকদের কাছেই প্রথম এ ব্যাপারটি তিনি প্রথম জানতে পারেন।
এদিকে সোমবার সকালে ১৪ দলের অবস্থান কর্মসূচি পালনকালে ইউএনও তাঁর কার্যালয়ে র্ছিলেন না। তবে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদে ঢোকাকে কেন্দ্র করে ১৪ দল নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা ও ধস্তাধ্বস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধরা গাজীপুর শিমুলতলী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি পৌর চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হক, সাবেক সাংসদ জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ নয়ন প্রমুখ।
বক্তারা অবিলম্বে চক্রান্তকারী ইউএনও নাসির-উদ-দৌলাকে গাজীপুর থেকে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তারা নির্বাচন কমিশন সংস্কারের আগে তফসিল ঘোষণারও তীব্র সমালোচনা করেন।
