২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ সপ্তাহের মধ্যে বিচার বিভাগ পৃথক করতে সুপ্রিম কোর্টের নির্দেশ

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছয় সপ্তাহের মধ্যে বাস্তবায়নের জন্য সোমবার নতুন করে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে ৭ বিচারপতির একটি পূর্ণাঙ্গ বেঞ্চ এই নির্দেশ দেন।

এছাড়া বিচার বিভাগ পৃথক করতে রায় বাস্তবায়নের জন্য সুপ্রিমকোর্টের সংশোধন করে দেয়া বিধিমালা এ সময়ের মধ্যে আইনে রূপান্তর করে আদালতকে জানাতে বলা হয়েছে। ১০ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আদেশ অপব্যাখ্যাকারী ৯ সরকারি কর্মকর্তাকে ওই দিন আদালতে আদালতে থাকার নির্দেশ দেয়া হয়।

বিচার বিভাগ পৃথককরণের রায় বাস্তবায়ন না করা ও রায়ের অপব্যাখ্যা দেওয়ায় সরকারের ৪ সচিবসহ ১৩ উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রায় প্রদানের কথা থাকলেও আদালত সোমবার সে বিষয়ে কোনো আদেশ দেননি।

বিচার বিভাগ পৃথকীকরণের জন্য সরকারকে ৬ সপ্তাহ সময় বেধে দেওয়ায় সংশ্লিষ্টরা আশা করছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এ কাজ শেষ হবে।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাজদার হোসেন মামলায় সুপ্রিমকোর্ট বিচার বিভাগ পৃথক করতে সরকারকে ১২ দফা নিদের্শনা দেন। রায় বাস্তবায়নের নামে বিভিন্ন সরকার টালবাহানার পাশাপাশি অন্তত ২৫ বার সময় নিয়েছে।

এ অবস্থায় রায় বাস্তবায়নের নামে অপব্যাখ্যার অভিযোগে সুপ্রিম কোর্ট ২০০৪ সালের ২৯ নভেম্বর যুগ্মসচিব থেকে সিনিয়র সচিব পদমর্যাদার ৯ সচিবের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার রুল জারি করেন।

এরপর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মাজদার হোসেন মামলার অন্যতম বাদী কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক চৌধুরী মুনিরউদ্দীন মাহফুজ আদালতের রায় বাস্তবায়ন না করায় সরকারের ১০ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।