চরমোনাই পীরের ইন্তেকাল, দাফন রোববার
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আমীর চরমোনাই পীর আলহাজ্ব মাওলানা সৈয়দ মো. ফজলুল করীম শনিবার সকালে মারা গেছেন।
বরিশাল সদর উপজেলার চরমোনাইতে সকাল পৌনে ১০ টায় তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ১ মেয়েসহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মুরিদান রেখে গেছেন।
পীরের ছেলে চরমোনাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা সৈয়দ মো. রেজাউল করীম জানান, পীরের শেষ ইচ্ছা অনুযায়ী তার বাবা মাওলানা সৈয়দ মো. এছাহাক (রহ.) এর কবরের ডান পাশে তাঁকে রোববার দাফন করা হবে। এর আগে সকাল ১০ টায় তাঁর জানাজা হবে।
পীরের পারিবারিক সূত্র জানায়, পীর শনিবার সকালে মসজিদে মুসল্লিদের সঙ্গে জামায়াতে ফজরের নামাজ আদায় শেষে ভাগিনা মামুন আর রশিদের সাহায্য নিয়ে কুতুব খানায় চলে যান। এর কিছুক্ষন পর শ্বাসকষ্ট শুরু হলে তিনি একটি কোরআন শরীফ চান। পরে কোরআন তেলোয়াতরত অবস্থায় তার মৃত্যু হয়।
পীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকাহত মুরিদরা তাঁর বাড়িতে ভীড় করতে থাকেন।
এদিকে পীরের মৃত্যুর পর তাঁর খেলাফত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার বাদ আছর বাৎসরিক মাহফিলে কে ওয়াজ-নছিয়ত করবেন তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। কেননা পীর বেঁচে থাকতেই তাঁর দুই ছেলেকে খেলাফত দিয়ে গেছেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক মুরীদ জানান, শনিবার রাতে ১৭ সদস্যের সুরা কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
