জগন্নাথে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৪০
ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ৪০ নেতা-কর্মী আহত হয়েছেন শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এতে ভর্তি ফরম বিতরণ ও জমা দেয়ার এই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার ছাত্র-ছত্রীসহ সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। তবে পরিস্তিতি এখনো উত্তপ্ত রয়েছে বলে ক্যাম্পাস সূত্র জানিয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হচ্ছে মেহেদী, নজরুল, লিমন, জাহিদ ও মামুন।
ক্যাম্পাস সূত্র জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে ছাত্রলীগ নেতা মেহেদীকে ছাত্র দলের কর্মীরা মারধর করে। এর পর ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের কয়েক নেতা-কর্মীকে মারধর করলে দুপুর একটার দিকে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রায় আধা ঘন্টার এই সংঘর্ষে উভয় পক্ষ হকিষ্টিক ও লাঠি ব্যাবহার করে। এছাড়া ইট-পাটকেলও নিক্ষেপ করে উভয় পক্ষ। এ সময় পালাতে গিয়ে বাইরে থেকে আসা ছাত্র-ছাত্রীদের কয়েকজন আহত হন।
সংঘর্ষের পর ভর্তি ফরম বিতরণ এবং ক্লাশ বন্ধ হয়ে যায়।
