সাভারে সিডিডির বার্ষিক সম্মেলন ২০০৬ শুরু
প্রতিবন্ধীদের উন্নয়নে সাভারে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর উদ্যোগে শনিবার থেকে তিনদিনব্যাপী বার্ষিক সম্মেলন ২০০৬ শুরু হয়েছে। বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রায় চারশ কর্মী এতে যোগ দিচ্ছেন।
সাভারের ফিসারিজ একাডেমীতে আয়োজিত এ অনুষ্ঠানে একইসঙ্গে সংগঠনটির দশ বছর পূর্তি উদযাপিত হচ্ছে।
সম্মেলনের প্রথম দিনে প্রতিবন্ধীদের জন্য একটি বাঁধামুক্ত পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণে বিভিন্ন এনজিও পরিচালক, সংগঠক, মাঠকর্মী, স্থানীয় ও আর্ন্তজাতিক প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও মতবিনিময় করেন।
সম্মেলনের দ্বিতীয় দিন রোববার বিষয়ভিত্তিক চারটি প্রবন্ধ উপস্থাপন, মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
সম্মেলনের সমাপনী দিন ২৭ নভেম্বর মূল প্রবন্ধ ‘সিডিডি কার্যক্রম এবং জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গিকারগুলোর সঙ্গে এর সম্পর্ক: বর্তমান ও ভবিষ্যৎ’ উপস্থাপন করা হবে।
একইদিন সংগঠনটির দশ বছর পূর্তি উপলক্ষে সিডিডি নয়জন প্রতিবন্ধী ব্যক্তি ও অভিভাবককে ‘সিএএইচডি সফলতা সম্মাননা’ পদক প্রদান করবে।
সমাপনী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার ডগলাস ফসকেট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
