বঙ্গভবন থেকেই গণতন্ত্র নস্যাতের চক্রান্ত হচ্ছে: জলিল
১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল বলেছেন, গনতন্ত্র নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে বঙ্গভবন থেকেই। এর প্রতিবাদেই আওয়ামী লীগ সহ ১৪ দল ২৭ তারিখ বঙ্গভবন এবং ২৮ তারিখ নির্বাচন কমিশন ঘেরাও করবে। এই কর্মসূচী পালন করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনবে জনগণ।
শনিবার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ১৪ দলের প্রস্তুতি সভায় আব্দুল জলিল এ কথা বলেন।
জলিল বলেন, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল (বিএনপি এবং জামাত বাদে) আজ ঐক্যবদ্ধ। সুতরাং এই কর্মসূচী ইতিহাস সৃষ্টি করবে। তিনি ওয়ার্ড এবং থানা পর্যায়ের সবাইকে আন্দোলন সফল করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
জলিল বলেন, রাষ্ট্রপতি সংবিধান উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন এবং রাষ্ট্রপতির কার্যালয়কে অপব্যবহার করছেন। সভায় উপস্থিত ছিলেন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেন গুপ্ত প্রমুখ।
