গার্মেন্টস শ্রমিকদের বেতন কাটার প্রতিবাদে সমাবেশ
অবরোধ কর্মসূচির অজুহাতে গার্মেন্টস শ্রমিকদের বেতন কাটার প্রতিবাদে শুক্রবার বিকেলে গুলিস্থান মোড়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাশেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভায় বক্তারা অবরোধ কর্মসূচির অজুহাতে শ্রমিকদের বেতন কেটে নেয়ার নিন্দা করে বলেন, এই অজুহাতে মালিকরা কারখানা বন্ধ ও ছাঁটাইসহ শ্রমিক স্বার্থ বিরোধী কাজ করছেন।
তারা হুঁশিয়ার করে দিয়ে বলেন, মালিকরা এসব কাজ চালিয়ে গেলে বড় ধরণের শ্রমিক আন্দোলন গড়ে উঠলে তার দায়দায়িত্ব মালিকদেরই বহন করতে হবে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকনেতা শহিদুল ইসলাম সবুজ, মিন্টু মিয়া, তমিজ উদ্দিন বিপ্লব, স্বপন হোসেন, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস খান।
