হজ ফ্লাইট শুরু রোববার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হচ্ছে রোববার থেকে।
বিমানের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে শুক্রবার জানান, রোববার সকাল ৮ টার দিকে বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা এম আজিজুল হক হজ ফ্লাইট উদ্বোধন করবেন।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এ সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ওইদিন উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা মাহবুবুল আলম।
ওই মুখপাত্র জানান, এরই মধ্যে হজ ফ্লাইটের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই উত্তরার হাজী ক্যাম্পে হাজীরা আসতে শুরু করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে সেখানে হাজীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
বিমান সূত্র জানায়, ইতোমধ্যে ব্যালটি ২ হাজার ৫৫১ হজযাত্রী পরিবহনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া নন-ব্যালটি ৪৭ হাজার ৯৫১ হজযাত্রীর মধ্যে ১৯ হাজার ৫৭ জনকে সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রস্তুতিও এখন শেষ।
সূত্র জানায়, বিমানের একটি ডিসি-১০ ও ভাড়া নেওয়া একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজে করে হজযাত্রী পরিবহন শুরু হচ্ছে। বিমানের ডিসি-১০ এর ৩৪টি ফ্লাইটের প্রতি ট্রিপে ৩০১ জন করে মোট ১০ হাজার ২৩৪ এবং বোয়িং-৭৪৭ এ ৩৩টি ফ্লাইটের প্রতি ট্রিপে ৫৮০ জন করে মোট ১৯ হাজার ১৪০ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠানো হচ্ছে।
এ ছাড়া সৌদিয়ায় ১২ হাজার, গালফ এয়ারে ২ হাজার ও মধ্যপ্রাচ্যগামী অন্যান্য এয়ারলাইন্সে করে বাকী পাঁচ হাজার হাজী হজ করতে যাচ্ছেন।
সূত্রটি জানায়, সৌদিয়া জনপ্রতি হজ যাত্রীর পরিবহন ভাড়া এক হাজার ২০০ মার্কিন ডলার নির্ধারণ করায় বিমানকেও এই ভাড়াতেই হজ যাত্রী পরিবহন করতে হচ্ছে।
গত বছর বিমান প্রায় ২৫ হাজার হজ যাত্রী পরিবহন করে। এ সময় জনপ্রতি হাজীর বিমান ভাড়া ছিল এক হাজার ৫০ মার্কিন ডলার। সৌদিয়াও একই ভাড়ায় সমান সংখ্যক হজ যাত্রী পরিবহন করে।
