২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধার জমির ধান লুট

গোদাগাড়ী উপজেলায় বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ও বিএনপির সমর্থকরা দুই মুক্তিযোদ্ধার ছয় বিঘা জমির ধান লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এ ঘটনায় মামলা হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালিয়াঘাটার জামায়াত নেতা দুরুল হক এবং বাসুদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এনায়েত করিম প্রিন্স বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ২০/২২ জন সন্ত্রাসী নিয়ে চাপড়া গ্রামের মুক্তিযোদ্ধা মুন্তাজ আলী ও মোজাম্মেল হকের জমিতে হামলা চালায়। সশস্ত্র হামলাকারীরা এসময় তার ছয় বিঘা জমির ধান লুট করে নিয়ে যায়। ঘটনার সময় পুলিশকে খবর দেওয়া হলেও হামলাকারীরা চলে যাওয়ার অনেক পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সূত্র জানায়, গোদাগাড়ী সদরের সারেংপুর গ্রামের দুস্থ মুক্তিযোদ্ধা মুন্তাজ আলী ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে সরকারি খাস খতিয়ানের প্রায় ছয় বিঘা জমি রেজিষ্ট্রি করে দেওয়া হয়। তারা ওই জমিতে এবারই প্রথম ধান চাষ করেন।

এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।

মুক্তিযোদ্ধা মুন্তাজ আলী ও মোজাম্মেল হক জানান, হামলাকারীরা ধান লুট করবে বলে দুদিন আগেই হুমকি দিয়েছিলো। এ ব্যাপারে থানায় লিখিতভাবে জানানো হলেও পুলিশ গুরুত্ব দেয়নি।

এ ব্যাপারে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আমিন বলেন, থানা পুলিশ কয়েক দিন যাবত রাজাবাড়ী, সুলতানগঞ্জ ও ডাইং পাড়া নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি দেখার সুযোগ হয়নি। তবে ধান কাটার ঘটনায় মামলা নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।