২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দিনের গুমোট কেটে গিয়ে রাজধানী প্রাণচঞ্চল

বহুল আলোচিত প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ সরে যেতে সম্মত হওয়ার পর থেকেই রাজধানীসহ সারাদেশের মানুষের মনে একটাই প্রশ্ন ছিল, অবরোধ শেষ হবে কবে? বুধবার রাত থেকেই এ নিয়ে চলতে থাকে জল্পনা-কল্পনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 04:11 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

অবশেষে বৃহস্পতিবার বিকেল ৫টায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সংবাদ সম্মেলন ডাকায় দেশব্যাপী লাগাতার অবরোধ একটা কিনারা পেতে যাচ্ছে বলেই ধরে নেওয়া হচ্ছে।

একারণে বৃহস্পতিবার শেষদিনের অবরোধ পালিত হচ্ছে অন্যান্য দিনের তুলনায় ভিন্ন আমেজে। রাজধানী হয়ে উঠেছে অপেক্ষাকৃত প্রাণবন্ত।

দূরপাল্লার বাস, ট্রাক, লঞ্চ, ট্রেনসহ ভারী যানবাহন চলাচল না করলেও প্রতিদিনের রিকশার পাশাপাশি কিছু কিছু সিএসনজিচালিত বেবী ট্যাক্সি, মাইক্রোবাস, দ’ুএকটি মিনিবাসসহ সামান্য কিছু মোটর যান নেমে পড়ে রাজপথে। সারাদেশের কোথাও বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও অবরোধকারীরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাথর ও লোহার শিক বসিয়ে রেল লাইন অবরোধ করে রাখে।

বঙ্গবন্ধু এভিনিউ, নূর হোসেন স্কোয়ার, গুলিস্তান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে, রাসেল স্কোয়ার, সোবহানবাগ, লালবাগ, মিরপুর, যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় গান-বাজনা শুরু করে সকাল থেকেই। তাদের গানের ভাষায় প্রকাশ পায় বিজয়ের আনন্দ।

অপরদিকে ১৪ দলের অবরোধের প্রতিবাদে এবং নির্বাচনী তফসীল ঘোষণা না হওয়া পর্যন্ত বিএনপি-জামাত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট মুক্তাঙ্গণে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাদের কাউকে দেখা যায়নি। এর আগে গত মঙ্গল ও বুধবার তারা ওই এলাকায় সমাবেশ করেছে। বৃহস্পতিবার ওই এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখে পুলিশ।

চারদিন ধরে রাজনৈতিক অস্থিরতায় গুমোট রাজধানী বুধবার রাতের পর থেকেই প্রাণ ফিরে পেতে শুরু করে। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই ভয়, আতংক ঝেড়ে সাধারণ নগরবাসী ঘর ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে রাজপথে।

বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিস, হ্টা-বাজার কিংবা ব্যাংক-বীমাগুলোতে সাধারণ লেনদেন বন্ধ থাকলেও সেগুলো খোলার প্রস্তুতিও ছিল সকাল থেকে।

তবে বিডিআরসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য তাদের দায়িত্বে ছিল বরাবরের মতই।