জেমাইল হত্যাকান্ডে লেবাননে সংকট আরো ঘনীভূত
শিল্পমন্ত্রী পিয়ের জেমাইল হত্যাকান্ডে লেবাননের ক্ষমতার সংকট আরো ঘনীভূত হয়ে উঠছে। খ্রিস্টান ধর্মাবলম্বী এই মন্ত্রীকে মঙ্গলবার গুলি করে হত্যা করা হয়। তার দল ও মিত্ররা এ হত্যার জন্য সরাসরি সিরিয়াকে দোষারোপ করেছে। অভিযোগ নাকচ করে দিয়ে হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া।
জেমাইলের সমর্থকরা বলেছেন, ২০০৫ সালে নিহত প্রধানমন্ত্রী রফিক হারিরির বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই সিরিয়া এ হত্যাকান্ড ঘটিয়েছে। রফিক হারিরির ছেলে সাদ আল-হারিরি বলেছেন, আমরা মনে করি সব ঘটনার পেছনেই সিরিয়ার হাত আছে। তিনি বৃহষ্পতিবার জেমাইলের শেষকৃত্যে বিশাল সমাবেশের মধ্য দিয়ে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর জন্য লেবানিজদের প্রতি আহ্বান জানান।
সিরিয়া-বিরোধী নেতা ওয়ালিদ জুমব্লাত সরাসরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিযুক্ত করেছেন এই হত্যার জন্য। তবে তথ্যমন্ত্রী মুহসেন বিলাল এ ঘটনায় সিরিয়ার যুক্ত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন।
এই হত্যাকান্ডের মধ্য দিয়ে বর্তমান সিনিওরা সরকারের ৮ মন্ত্রীর পদ শূণ্য হয়ে পড়ল। এর আগে এ মাসেই ৬ সিরিয়া-পন্থী মন্ত্রী পদত্যাগ করেন। এদিকে সিনিওরা সরকারকে যুক্তরাষ্ট্রপন্থী বলে অভিযুক্ত করে হিজবুল্লাহর নেতৃত্বে সরকার পতনের জন্য সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল সিরিয়াপন্থীরা। সংখ্যাগুরু সিরিয়া-বিরোধীদের সঙ্গে সিরিয়াপন্থী শিয়া সংখ্যালঘুদের এ মুখোমুখি অবস্থান গভীর রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে দেশটিকে। অবশ্য হিজবুল্লাহ সূত্রে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি পিছিয়ে দেবে তারা।
অন্যদিকে, জেমাইল হত্যার কয়েকঘন্টা পরই বিশেষ আন্তর্জাতিক আদালতে হারিরি হত্যার সন্দেহভাজনদের বিচার করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওই পরিকল্পনা অনুসারে জাতিসংঘ মহাসচিব কফি আনানের কাছে নিরাপত্তা পরিষদের একটি চিঠি দেওয়া হবে। বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে এ চিঠি অনুমোদনের জন্য দেওয়া হবে লেবানিজ সরকারকে।
