কিশোরগঞ্জে হত্যা মামলার বাদীকে হুমকির অভিযোগ
কিশোরগঞ্জে চয়ন হত্যা মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়েই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যোগসাজশে মামলার বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহতের চাচা ও সোনালী ব্যাংক, কিশোরগঞ্জ জেলা সিবিএ এর সাবেক সভাপতি শাহ নজরুল ইসলাম।
কিশোরগঞ্জ শহরে তার বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, গত বছরের ২ ডিসেম্বর হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সিদলা ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলীর ইন্ধনে তার ছোট ভাই জহিরুল ইসলাম রতনের একমাত্র ছেলে চয়নকে সন্ত্রাসীরা বাড়িতে গিয়ে খুন করে। হত্যার ঘটনায় হোসেনপুর থানায় দায়ের করা মামলাটি এখন আদালতে বিচারাধীন।
শাহ নজরুল অভিযোগ করেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ মামলার বাদী তার ছোট ভাই এবং নিহতের বাবা জহিরুল ইসলামকে থানায় ডেকে নিয়ে মামলা উঠিয়ে নেওয়ার জন্য হুমকি দেন। এ ছাড়া চেয়ারম্যান আইয়ুব আলীর নেতৃত্বে দারোগা ও পুলিশ গভীর রাতে বাদীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। এর কিছুদিন পর ১৩ নভেম্বর সকালে আইয়ূব আলীর নেতৃত্বে খুনের মামলার আসামীসহ একদল সন্ত্রাসী বাদীর বাড়ীতে হামলা চালায় এবং লুটপাট করে।
নজরুল জানান, এই ঘটনায় থানায় মামলা করতে গেলে ওসি আ. রশিদ ২০ হাজার টাকা দাবি করেন। এসআই আমিনুল প্রত্যক্ষদর্শীদের সাক্ষী না দেওয়ার জন্যও হুমকি দেন। ওসি আ. রশিদ উল্টো হত্যা মামলার আসামীদেরকে দিয়ে ১৫ নভেম্বর বাদীর পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
