চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা এখনও কাটেনি
চট্টগ্রাম বন্দরের সিসিটি (চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল) মঙ্গলবার সকাল থেকে সচল হওয়ার কথা থাকলেও রাত ১টা পর্যন্ত তা হয়নি।
সিসিটিতে প্রাইভেট অপারেটর নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ডক শ্রমিক সিবিএ এর বিরোধ নিষ্পত্তি না ঘটায় বন্দর পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠেছে।
সিসিটি ছাড়া অন্য জেটিগুলোতে জাহাজ ও ইয়ার্ডে পণ্য হ্যান্ডেলিংয়ের কাজ হলেও অবরোধের কারণে মালামাল ডেলিভারি সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ডক শ্রমিক সিবিএ এর সাধারণ সম্পাদক আবদুল আহাদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, অবিলম্বে সিসিটিতে প্রাইভেট অপারেটর নিয়োগ চুক্তি বাতিল করে নিজস্ব অপারেটর দিয়ে কাজ চালাতে কর্তৃপক্ষ সম্মত না হলে বুধবার থেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এরকম একটি আলটিমেটাম দিয়ে ডক শ্রমিক সিবিএ বন্দর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত করে একটি স্মারকলিপি প্রদান করবে বলে আবদুল আহাদ জানান।
এদিকে সিসিটিতে গ্যান্ট্রি ক্রেন অপারেশনসহ পণ্য হ্যান্ডেলিংয়ের সকল কার্যক্রম বন্ধ থাকায় গিয়ারলেস কন্টেইনার জাহাজগুলো গত এক সপ্তাহ ধরে অলস বসে আছে। বিষয়টি নিয়ে শিপিং এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দ সর্বশেষ সোমবার বিকেলে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেও কোনো সুরাহা হয়নি।
এ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ১১টায় এসোসিয়েশন নেতৃবৃন্দ আগ্রাবাদে তাদের নিজস্ব কার্যালয়ে একটি বৈঠক করেন।
