২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেল লাইন অবরোধ

আখাউড়া রেল জংশনে রেল লাইনের ৩০টি স্থানে পাথর ও শিক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেছে জেলার ১৪ দল সমর্থকরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 12:24 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

চৌদ্দ দলের দাবির সমর্থনে ওই স্থানে অবরোধ ও বিক্ষোভে অংশ নিয়েছে শত শত লোক।

মঙ্গলবার জংশন এলাকার ১০টি সিগনাল পয়েন্টের ক্যাবল বক্স ভেঙ্গে সিগনালের তার ছিঁড়ে ফেলে ১৪ দল কর্মীরা।

এছাড়া, বন্ধ করে দেওয়া হয়েছে আখাউড়া-আজমপুর বাইপাস রেললিংক লাইন। ফলে আখাউড়া জংশনে মঙ্গলবার ভোর ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকে জালালাবাদ এক্সপ্রেস, তিতাস কমিউটার, তেলবাহী কন্টেইনার ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে সেখানে। আটকা পড়েছে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবোরোধকারীরা জালালাবাদ এক্সপ্রেসের ড্রাইভারকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যায়। তবে এ সময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে বলে তারা জানান।

এছাড়া, সকাল ৯টার দিকে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কর্মীরা অবরোধ সরানোর চেষ্টা করলে অবরোধকারীরা তাদের ধাওয়া করে হটিয়ে দেয়।