গাজীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-১১ সদস্যরা গাজীপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন টিটুকে (২৫) রোববার রাতে গ্রেপ্তার করেছে। র্যাব এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গাজীপুর সদরের দক্ষিণ ভোগরা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সহযোগী সুজনসহ টিটুকে গ্রেপ্তার করে।
র্যাব ১১ এর উপপরিচালক মেজর মাকসুদুল বারী জানিয়েছেন, টিটুর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
র্যাব অস্ত্র উদ্ধারের জন্য টিটুকে নিয়ে সোমবারও বিভিন্ন স্থানে হানা দেয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত টিটু র্যাবের হেফাজতে ছিল।
এর আগে জয়দেবপুর থানা পুলিশ টিটুকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
