২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি নিশ্চুপ

রোববার রাতে ১০ উপদেষ্টার সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা করতে তিন উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজের সঙ্গে নির্বাচন কমিশন কার্যালয়ে দেখা করেছেন। বৈঠকের বিষয়ে সিইসি ছিলেন একেবারেই নিশ্চুপ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সোমবার সকাল ১১টার একটু আগে মাহবুবুল আলম, সুলতানা কামাল এবং আজিজুল হক এ তিন উপদেষ্টা সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে তারা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান।

১১টা ৪০ মিনিটে বৈঠক থেকে বেরিয়ে এসে মাহবুুবুল আলম সাংবাদিকদের বলেন, “আমরা এখন কিছু বলছি না। আগে রাষ্ট্রপতিকে বৈঠকের বিষয়ে জানাবো, তারপর আপনাদের জানাবো।”

দেশবাসী উৎকণ্ঠায় আছে সাংবাদিকদের এ বক্তব্যের জবাবে মাহবুবুল আলম বলেন, “আমরাও উৎকণ্ঠায় আছি। আজই রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে পুরো বিষয়টি তুলে ধরবো।”

আপনারা রাষ্ট্রপতির কোনো চিঠি নিয়ে সিইসির কাছে এসেছেন কি না-এ প্রশ্নের জবাবে উপদেষ্টা নেতিবাচক জবাব দেন। তারা রাষ্ট্রপতির কোনো প্রস্তাব সিইসিকে দিয়েছেন কি না-উপদেষ্টা তাও বলেননি।

উপদেষ্টারা তাদের এই উদ্যোগে আশাবাদী কি না-এ প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন, ‘‘প্রতিটি উদ্যোগের একটা লক্ষ্য থাকে। আশা নিয়েই এ সব উদ্যোগ নেওয়া হয়। সংকট উত্তরণের জন্য সম্ভাব্য সব কিছু আমরা করবো।”

বর্তমান উদ্যোগ ব্যর্থ হলে আপনারা কি করবেন তা জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, “এটি একটি ‘হাইপোথিটিক্যাল’ প্রশ্ন। আমরা তো বলেছি, আমরা আশাবাদী।”

বিকাল ৪ টার কিছু পরে অফিস ত্যাগ করার আগে সিইসিকে সাংবাদিকরা ঘিরে ধরেন। সাংবাদিকদের পক্ষ থেকে সিইসিকে একটি মাত্র প্রশ্নই করা হয়েছিল, “উপদেষ্টাদের আপনি কি সিদ্ধান্ত দিলেন?”

সিইসি কোনো জবাব না দিয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনীর সহায়তায় গাড়িতে উঠে চলে যান। তার দেহরক্ষীরা বেসরকারি টেলিভিশন ক্যামেরাগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।

এদিকে নির্বাচন কমিশনে রোববার থেকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে প্রায় অর্ধশত সাংবাদিক কমিশন সচিবালয়ের সামনের রাস্তায় প্রতীকি অবস্থান ধর্মঘট করেন।