এবার তারেক রহমানের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে ১নং আমলী আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে সোমবার।
জেলা আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক অ্যাডভোকেট শাহাবুদ্দীন এই মামলা দায়ের করেন।
বিচারক মনিরুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট এ এফ এম এহতেশামুল হককে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকালে এক সংবাদ সম্মেলনে মামলা দায়েরের পটভূমি ব্যাখ্যা করা হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জাসদ জেলা সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল প্রমুখ।
মামলার বাদি অ্যাডভোকেট শাহাবুদ্দিন বলেন, “হাসিনা কেবল দলীয় নেত্রীই নন, একজন মহিয়সী নারীও। তাঁর সম্মান ক্ষুন্ন হওয়ায় এই মামলা দায়ের করতে বাধ্য হয়েছি।”
মামলার আর্জিতে বলা হয়, গত ৪ নভেম্বর হাওয়া ভবনের সামনে তারেক রহমান বক্তব্য রাখার সময় সাবেক প্রধানমন্ত্রী ও ১৪ দলীয় নেত্রী হাসিনাকে আপত্তিকর মন্তব্য করায় তাঁর সুনামহানি ঘটেছে। এর প্রমাণ হিসেবে বাদি ৫ নভেম্বর প্রকাশিত দৈনিক ইনকিলাব প্রত্রিকার কাটিং সংযুক্ত করেন। মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও এ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদকে সাক্ষী করা হয়েছে।
মামলা দায়ের করার সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোছাইনের নেতৃত্বে শতাধিক আইনজীবী দাঁড়িয়ে মামলার পক্ষে তাদের সমর্থন প্রকাশ করেন। তবে মামলাটি গ্রহণ না করার পক্ষে যুক্তি উপস্থাপন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহসহ কয়েকজন আইনজীবী।
