পাবনা ও টাঙ্গাইলে ৪টি লাশ উদ্ধার
পাবনার সুজানগর উপজেলার ভিটবিলা থেকে এবং টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে সোমবার সকালে চারটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাবনা প্রতিনিধি জানান, সুজানগর থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
পুলিশ ধারণা করছে, রোববার রাতের কোন এক সময়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে লাশ বিলে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে সুজানগর থানায় মামলা হয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, মধুপুর গড়ের বনাঞ্চলে এক তরুণীর (২০) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার মুলিয়া থেকে পুলিশ বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত যুবকের (২৮) লাশ উদ্ধার করে। তার হাত ও পা বাধা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
ঘাটাইল সেনানিবাস এলাকার ফায়ারিং রেঞ্জের পূর্বদিকে গৌরীশ্বর জঙ্গল থেকে এক তরুণীর মাথার খুলি, হাড়গোড় এবং কাপড়-চোপড় উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, তার নাম খাদিজা বেগম, বাড়ি ঘাটাইল উপজেলার কমলাপাড়া গ্রামে। বাবার নাম আবুল হোসেন। গত ৩০ অক্টোবর প্রাইভেট পড়াতে গিয়ে সে আর ফিরে আসেনি।
এ ঘটনায় তিন থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
