নির্বাচন কমিশনে সাংবাদিক হয়রানি আর গেলো না
আবারও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। রোববার এ ঘটনায় ক্ষুব্ধ প্রায় অর্ধশত সাংবাদিক সচিবালয়ের রাস্তায় বসে প্রতিবাদ জানান।
ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের বৈঠকের শুধু ছবি সংগ্রহের প্রস্তাব দিয়েও পরে তা প্রত্যাখ্যান করা হয়। সাংবাদিকরা এ ঘটনাকে “দুঃখজনক ও নিন্দনীয়” বলে মন্তব্য করেছেন।
প্রতিদিনের মতো রোববার সকাল ১০ টা থেকেই বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানরা কমিশন সচিবালয়ে ভিড় জমান। কিন্তু সচিবালয়ে কর্মরত পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য এবং অন্যান্য নিরাপত্তারক্ষীরা সাংবাদিকদের জানান, সিইসির পশ্চিম ব্লকের অফিসে তাদের প্রবেশের অনুমতি নেই।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, এ বিষয়ে তার কিছুই করার নেই। তবে তিনি পূর্ব ব্লকের একটি কক্ষে এসে সাংবাদিকদের বসার অনুরোধ করলেও তারা তাতে রাজি হননি।
দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য সংগ্রহ করছেন এমন কয়েকজন সিনিয়র রিপোর্টারের সঙ্গে এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কথা হয়।
এটিএন বাংলার শেখ নজরুল ইসলাম বলেন, “অনেকদিন ধরেই কমিশনের কর্মকর্তারা চেষ্টা করছিলেন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করতে। এক সপ্তাহ আগে চার ঘণ্টার জন্য সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সংবাদ টেলিভিশন চ্যানেলগুলোয় প্রচারের পর নির্বাচন কমিশনার স ম জাকারিয়া সেদিন গেটে এসে সাংবাদিকদের ভেতরে নিয়ে গিয়েছিলেন। তিনি অনাকাক্সিক্ষত বিষয়টি সাংবাদিকদের ভুলেও যেতে বলেন।”
দৈনিক যুগান্তরের হোসাইন জাকির বলেন, “বুধবার কমিশন সচিব আব্দুর রশীদ সরকার এক দফা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে এজন্য অবশ্য তিনি দুঃখ প্রকাশ করেন। ওই সময় তিনি সাংবাদিকদের নিরাপত্তার অজুহাতে বিশেষ পরিচয়পত্র প্রদান এবং একটি কক্ষে তাদের বিচরণ সীমাবদ্ধ রাখারও প্রস্তাব দেন। কিন্তু সাংবাদিকরা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বৃহস্পতিবারও সচিব সাংবাদিকদের জানিয়েছিলেন, কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে কোনও বাধা নেই। এর দু’দিন পরই কমিশনের এ আচরণ দুঃখজনক এবং নিন্দনীয়।”
দৈনিক আমার দেশের কাজী হাফিজ বলেন, “নির্বাচনের আগে তফশিল ঘোষণার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কমিশনের এ ধরনের আচরণ পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতাকেই প্রশ্নবিদ্ধ করে। স্বাধীনতার পর এ ধরনের কোনও ঘটনা নির্বাচন কমিশনে আর কখনও ঘটেনি। এটি একটি নজিরবিহীন ঘটনাও বটে।”
