নির্বাচন কমিশন অগ্রহণযোগ্য-রাষ্ট্রপতিকে নাগরিক কমিটি
বর্তমান নির্বাচন কমিশনকে অগ্রহণযোগ্য বলে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বেশকিছু পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন দেশের বিশিষ্ট পাঁচ নাগরিক।
রোববার দুপুরে নাগরিক কমিটির পাঁচ সদস্য আব্দুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ মঞ্জুর এলাহী, এম সাইদুজ্জামান, মুজিবুল হক ও দেবপ্রিয় ভট্টাচার্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বঙ্গভবনে দেখা করে এ অনুরোধ জানান।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবনের ফটকে অপেক্ষমান সাংবাদিকদের মুজিবুল হক বলেন, “রাষ্ট্রপতিকে আমরা বলেছি, বর্তমান নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নয়।” উপদেষ্টাদের উদ্দেশে সাবেক এ মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রশাসনকে নিরপেক্ষ করে ঢেলে সাজাতে উপদেষ্টাদের জেলায় জেলায় সফরে যাওয়া উচিত।”
সৈয়দ মঞ্জুর এলাহী জানান, রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রভাব ও প্রতিপত্তির ঊর্ধ্বে থেকে উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “কারো কথায় নয়, দেশের জন্য যা মঙ্গলজনক, সেই সিদ্ধান্তই গ্রহণ করুন।”
রাষ্ট্রপতিকে সব উপদেষ্টার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে বলে জানান এম সাইদুজ্জামান।
দেবপ্রিয় ভট্টাচার্য তাঁর মতামতে জোর দিয়েছেন, নির্বাচনের আগে কালো টাকা এবং পেশী শক্তির দৌরাত্ম্য কমানোর উপরে।
নাগরিক কমিটি ২০০৬ এর ব্যানারে রাষ্ট্রপতির কাছে দেওয়া দাবিগুলোর মধ্যে রয়েছে, ১৯৭২ সালের জনপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর জন্য বাধ্যতামূলক নিবন্ধন, সরকারি কর্মচারি-কর্মকর্তাদের চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে নির্বাচন করতে অযোগ্যতা, নির্বাচনের আগে আয়-ব্যয় ও সম্পত্তি সংক্রান্ত হিসাব জনগণের সামনে তুলে ধরা এবং কোনো প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ইত্যাদি।
