পাচারকালে বিমানবন্দরে ৩১ নারী উদ্ধার, ৫ কর্মকর্তা অভিযুক্ত
বিদেশে পাচারকালে ৩১ নারীকে উদ্ধার করা হয়েছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে কর্মরত শ্রম ও জনশক্তি ব্যুরোর পাঁচ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া এই পাঁচ কর্মকর্তাকে আসামি করে বিমানবন্দর থানায় মামলাও দায়ের করা হয়েছে। এদিকে উদ্ধার করা নারীদের পুলিশ তাদের হেফাজতে নেয়।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমা শবনম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সকাল পৌনে ৮ টায় গালফ এয়ারের ফ্লাইট-৪৫৬ এ করে তাদের মাসকাট হয়ে লেবানন নিয়ে যাওয়ার কথা ছিল।
তিনি বলেন, “পাসপোর্ট-ভিসা সব ঠিকঠাক থাকলেও তাদের লেবাননে কাজের অনুমোদনপত্র ছিল জাল। এ কারণে সন্দেহবশত: আমরা তাদের সকাল সাড়ে ৭ টার দিকে আটক করি।’’
ইমিগ্রেশনের সহকারি পুলিশ সুপার (এএসপি) মীর মোদাচ্ছের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বিমানবন্দরে কর্মরত শ্রম ও জনশক্তি ব্যুরোর কর্মকর্তারা ওই ৩১ নারীকে উড্ডয়নের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দেন। এ কারণে আমরা সন্দেহ করছি এই নারী পাচার চেষ্টার সঙ্গে তাদেরও যোগসাজস রয়েছে।”
তিনি জানান, আটক সরকারি কর্মকর্তাদের দিনভর জেরা করা হয়। পরে রাত ৯ টায় ব্যুরোর পাঁচ কর্মকর্তাকে আসামি এবং দুজনকে সাক্ষী করে মামলা করা হয় বিমানবন্দর থানায়।
মোদাচ্ছির জানান, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন জরীপ কর্মকর্তা হাসানুল জাহিদ ও রিয়াজুর রহমান, কল্যাণ বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান ও শাজাহান এবং কম্পিউটার অপারেটর মোশাররফ হোসেন। এছাড়া সদ্য নিযুক্ত দুজন জরীপ কর্মকর্তা আব্দুল কাদের ও মোহাম্মাদ দিলদারকে মামলার সাক্ষী করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি মোহাম্মাদ শফিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
