২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন পুনর্গঠনে ইইউ পার্লমেন্টের আহ্বান

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করতে একে পুনর্গঠনের জন্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইওরোপীয় পার্লামেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

১৬ নভেম্বর ইওরোপীয় পার্লমেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির নিয়ে আলোচনা শেষে গৃহীত প্রস্তাবনায় তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে এই আহ্বান জানানো হয়।

ইইউ পার্লামেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্লমেন্ট সদস্যরা তত্ত্বাবধায়ক সরকারকে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চান। ‘নির্বাচন কমিশন যাতে কাজ করতে পারে, তাদের দৃশ্যমান তৎপরতা থাকে এবং বিশ্বাসযোগ্য নিরপেক্ষতার সঙ্গে দায়িত্বপালন করতে পারে’-তার জন্য ইইউ পার্লামেন্ট সদস্যরা ইয়াজউদ্দিন সরকারের প্রতি নির্বাচন কমিশন পুনর্গঠনেরও আহ্বান জানান।

তারা বলেন, সরকারের এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যেখানে প্রতিটি ভোটার বাস্তব অর্থেই ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা অনুভব করবেন এবং নির্বাচনী প্রচারণার সময় সবার গণমাধ্যমে ভারসাম্য নিশ্চিত করা হবে।

তারা কর্তৃপক্ষের প্রতি বাংলাদেশে অপরাধীদের পার পেয়ে যাওয়ার ঘটনার অবসান এবং সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

ইইউ পার্লামেন্ট সদস্যরা জাতীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে মানসম্পন্ন ও বিশ্বাসযোগ্য ভোটার তালিকা প্রণয়নের জন্য নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানান।

ইইউ কমিশনের তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর গৃহীত প্রস্তাবনায় ভোটার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার অন্তর্ভূক্ত করা হয়েছে।

ইওরোপীয়ান পার্লামেন্ট সদস্যরা রাজনৈতিক সহিংসতা এবং অস্থিতিশীলতা এড়াতে নির্বাচন সংক্রান্ত সব বিতর্কিত ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

প্রস্তাবনায় আসন্ন সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক মিশন পাঠাতে ইওরোপীয়ান কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।