২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের ক্ষতি পোষাতে ছুটির দিনেও স্কুল, পরীক্ষা

টানা চারদিন অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে রাজধানীর বেশ কয়েকটি স্কুলে শুক্রবার বন্ধের দিনেও ক্লাস ও পরীক্ষা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

কয়েকটি স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বর-ডিসেম্বরে অনেক স্কুলেই হতে যাচ্ছে বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের আশঙ্কা, নির্দিষ্ট সময়ে পাঠ্যসূচি শেষ করতে না পারলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশই নিতে পারবে না; ফলে এ বছরের পরীক্ষা গড়াতে পারে আগামী বছরে। এই আশঙ্কা থেকে তারা সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজের একজন শিক্ষিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ‘‘রোববার থেকে বুধবার-এই চারদিন অবরোধের কারণে আমাদের স্কুলে শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি। আবার সোমবার থেকে শুরু হচ্ছে অবরোধ। এ কারণে আবারো পাঠদান বিঘ্নিত হবে।”

তিনি বলেন, “এদিকে আমাদের স্কুলে এ মাসের শেষ সপ্তাহ বা ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বার্ষিক পরীক্ষা। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠ্যসূচি সম্পন্ন করতে সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই।”

সরকারি ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক জানান, অবরোধের কারণে তাদের স্কুলে কয়েকটি শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষা হতে পারেনি। এ কারণে শুক্রবার বন্ধের দিনে তারা এই পরীক্ষা নিচ্ছেন।

হলিক্রস স্কুলের শিক্ষক জানান, শিগগিরই তাদের স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে তারা বাধ্য হয়ে সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নিচ্ছেন।