ব্যবসায়ীর ওপর হামলা, গাইবান্ধায় হরতাল পালিত
চাঁদা দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর এবং মালিককে আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার গাইবান্ধা শহরে আধা বেলা হরতাল পালিত হয়েছে।
গাইবান্ধা চেম্বার অফ কমার্স, ব্যবসায়ী সমন্বয় সমিতি এবং গাইবান্ধা ব্যবসায়ী ফেডারেশন এ হরতালের ডাক দেয়।
হরতাল চলাকালে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করেন। তারা হামলাকারীদের কঠোর শাস্তিও দাবি করেন।
একদল সন্ত্রাসী বুধবার রাতে শহরের স্টেশন রোডে ঘড়ি ও চশমা বিক্রেতা আলমাসের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। সঙ্গে সঙ্গে টাকা না পেয়ে সন্ত্রাসীরা আলমাসের ওপর হামলা এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করে। মারাত্মক আহত অবস্থায় আলমাস সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
