বাকেরগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত
ডাকাতের গুলিতে মোঃ শাহ আলম (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর খ্রিষ্টান পল্লীতে বুধবার রাতে । গুলিবিদ্ধ হয়েছেন আরো পাঁচ জন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
শাহ আলম একই গ্রামের মৃত জাবেদ আলী হাওলাদারের ছেলে। গুলিবিদ্ধ মামুন (২৫), দেলসেল আলী (৫২), খলিল (২২), সেলিম (৩০) ও রানু ডি রোজারিওকে (৪৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো পাদ্রিশিবপুর গ্রামের বারেক মৃধা, ছিদ্দিক মৃধা, নওশের চৌকিদার, সাবেক ইউপি সদস্য এনামুল হক ও মহেশপুরের বাংলাবাজার এলাকার মোস্তাক খান।
আহতরা জানান, একদল ডাকাত রানু ডি রোজারিওর বাসায় রাত দুটার দিকে ডাকাতি শুরু করলে বাড়ির সদস্যদের চিৎকারে আশপাশের লেকজন ছুটে এসে ডাকাতদের ঘিরে ফেলে। তবে এলোপাথারি গুলি চালিয়ে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শাহ আলম। বরিশালের পুলিশ সুপার আবদুর রহিম বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেল সাড়ে ৩ টায় এ রিপোর্ট লেখার সময় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
