বাড্ডা থেকে প্রাচীন শিল্পকর্ম উদ্ধার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মঙ্গলবার রাতে নগরীর বাড্ডা এলাকা থেকে প্রাচীন প্রত্নতাত্ত্বিক বিভিন্ন শিল্পকর্ম উদ্ধার করেছে।
পাচারের সাথে জড়িত চোরাকারবারী দলের সদস্য সরোয়ার মোল্লা (৪৫), গোপাল চন্দ্র বিশ্বাস (৪০), নিউটন সরকার (২০) এবং সোলেমান মোল্লাকে (৪০) গ্রেফতার করেছে।
র্যাব-৩ এর এএসপি সিরাজ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বুধবার বিকেলে এ তথ্য জানান।
এর আগে ৯ নভেম্বর একই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে র্যাব। তাদের স্বীকারোক্তি মোতাবেকই মঙ্গলবার গভীর রাতে বাড্ডার নর্দ্দা জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পূরাকীর্তি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বস্তুগুলোর মধ্যে রয়েছে কালো পাথরের পাঁচটি মূর্তি , বিভিন্ন আকারের ৫৮০টি পুরাকীর্তির মুর্তি, রুপার মুদ্রা ৫০০টি, মূর্তি তৈরীরর ক্যাটালগ পাঁচটি, শ্বেত পাথরের গরুর মূর্তি একটি, পিতলের মূর্তি ৬০টি, কাঠের মূর্তি ছয়টি, পুরাতন মুদ্রা ৩৫০টি, বিভিন্ন ধরণের পাথরের বোতাম আট কেজি এবং মূর্তির ভগ্নাংশ ৮০০টি সহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
