নওগাঁয় মসজিদে বোমা বিস্ফোরণে ১০ জন আহত
আত্রাই উপজেলার দমদত্ত বাড়িয়া গ্রামে মসজিদের ভিতরে মঙ্গলবার রাতে তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ মুসুল্লী আহত হয়েছে।
আহত মমিনুল হক (৬২), তার ছেলে খলিলুর রহমান (২৪) এবং মমিনুল হকের ভাই ওমর আলী (৪২) কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মমিনুল হকের অবস্থা আশংকাজনক। তাকে রাতেই নওগাঁ থেকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে এশার নামাজের শেষের দিকে হঠাৎ করে মসজিদের ভিতরে তিনটি বোমা বিস্ফোরিত হয়। আত্রাই থানার ওসি আহসানুল কবির জানান, জায়গা--জমি নিয়ে বিরোধের জের ধরে মসজিদের ভিতরে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।
ঘটনার পর নওগাঁ পুলিশ সুপার জামিল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। দমদত্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
