অবরোধে সাতক্ষীরার ভোমরা বন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক
সারাদেশে চৌদ্দ দল আহুত অবরোধ কর্মসূচির কারণে ভোমরা স্থল বন্দরে তিন দিন ধরে কোনো কাজ না হওয়ায় সেখানে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে প্রায় আড়াইশ ট্রাক।
এরই মধ্যে বন্দরে বড় ধরনের ট্রাক জটের সৃষ্টি হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মালামাল খালাস করা গেলেও তা বন্দরের বাইরে যেতে পারছে না অবরোধের কারণে।
অন্যদিকে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরেও বাংলাদেশমুখী সেদেশের পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়েছে বলে তিনি জানান।
অবরোধের কারণে জেলার সুন্দরবন টেক্সটাইল মিলেও কোনো কাজ হয়নি।
তবে তৃতীয় দিনেও জেলায় অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ১৪ দলের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে শহরের হাসপাতাল মোড়ে অবস্থান নিতে থাকে।
সেখানে এক সমাবেশে বক্তৃতা করেন দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, এসএম শওকাত হোসেন, আবু নাসিম ময়না, ফিরোজ কামাল শুভ্র প্রমুখ।
এদিকে, চার দলীয় জোটের উদ্যোগে বিকেল ৩টায় শহরের নিউমার্কেট চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা ১৪ দলের অবরোধকে প্রতিহত করার আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা চেয়ারম্যান আব্দুল আলিম, ইমামুল ইসলাম শরিফ, জামাত নেতা নুরুল হুদা, আলতাফ হুসাইন, রফিকুল ইসলাম, চেয়ারম্যান শহিদুল ইসলাম, আব্দুল বারী, যুবদলের জেলা সম্পাদক নাছিম ফারুক খান মিঠু প্রমুখ।
