ভিআইপি রোডে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
বঙ্গভবন থেকে জাহাঙ্গীর গেট ও মহাখালি হয়ে জিয়া বিমান বন্দর পর্যন্ত ভিআইপি রোডে যে কোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নিষেধাজ্ঞার পাশাপাশি আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট ও বিএনপির নেতৃত্বে চার দলীয় জোটকে মিছিল সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচীর জন্য কয়েকটি স্থান নির্দিষ্ট করে দিয়ে ডিএমপি বলেছে নির্ধারিত স্থানের বাইরে কোথাও মিছিল-সমাবেশ করতে হলে সংশ্লিষ্ট থানা থেকে অনুমতি নিতে হবে।
মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের জন্য রাসেল স্কোয়ার, বঙ্গবন্ধু এভিন্যিউ ও এর পার্শ্ববর্তী এলাকা এবং বিএনপির নেতৃত্বে চার দলীয় জোটের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট, নয়াপল্টন ও এর পাশের এলাকা নির্ধারণ করা হয়েছে।
এর বাইরে কেউ কোথাও মিছিল-সমাবেশ করতে চাইলে তাদের সংশ্লিষ্ট থানার অনুমতি নিতে হবে।
নিষেধাজ্ঞা সম্পর্কে ডিএমপি কমিশনার এবিএম বজলুর রহমান বলেছেন রাজনৈতিক সংঘাত এড়াতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।
