২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনির্দিষ্টকাল অবরোধের তৃতীয় দিনে ৫০ জন আহত

আগের দুইদিনের চেয়ে নগরবাসীর মধ্যে অনেক বেশি আতংক আর উৎকন্ঠা থাকলেও মঙ্গলবার তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজধানীতে ১৪ দলের অবরোধ কর্মসূচীর তৃতীয় দিন পার হয়েছে।

আবু সুফিয়ান

কৈলাস সরকার ও , নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তবে ময়মনসিংহ শহরে সন্ধ্যায় মিছিলে বাধা দেওয়ার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। টানা দুই ঘন্টা সংঘর্ষ চলার পর র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের গাড়ি চাপায় একজন নিহত হওয়ায় এবং পাল্টা কর্মসূচি হিসেবে বিএনপি-জামাত নেতৃত্বাধীন চার দলীয় জোটের নগরীর ১৮ টি স্থানে মিছিল-সমাবেশের ঘোষণায় নগরবাসী গভীর উৎকন্ঠা আর আতঙ্ক নিয়ে দিনটি শুরু করে। উভয় জোট নগরীর বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করলেও সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। জোটের কর্মীরা অবশ্য রাসেল স্কোয়ার, গুলিস্তান ও মিরপুর এলাকায় অন্তত ১০টি বেবি ট্যাক্সি ভাংচুর করে।

১৪ দল আগের দুদিনের ধারাবাহিকতায় গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, মুক্তাঙ্গন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, রাসেল স্কোয়ার, সোবহানবাগ, মিরপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি এবং মহাখালীসহ ২২টি স্থানে মিছিল ও সমাবেশ করে। এসব এলাকায় সড়ক অবরোধ করে তারা স্থায়ী এবং ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে। কর্মীদের উজ্জীবিত রাখতে এসব মঞ্চে দিনভর চলে গানসহ বিভিন্ন অনুষ্ঠান। নেতারা মাঝে মধ্যে মঞ্চে উঠে তাদের ১১ দফা দাবি পুনর্ব্যক্ত করে।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা-কর্মীরাও এদিন নগরীতে মিছিল বের করে। এলডিপি নেতা ও সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল-আজাদের নেতৃত্বে একটি মিছিল বিকেলে ১৪ দলের রাসেল স্কোয়ার সমাবেশে গিয়ে সংহতি জানায়।

অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নগরীর কয়েকটি স্থানে মিছিল-সমাবেশ করেছে। তবে এসব সমাবেশ-মিছিল জঙ্গি রূপ নেয়নি। তাদের সমাবেশ হয়েছে কোতোয়ালী থানার নয়াবাজারে, সূত্রাপুরের ধোলাইখাল মোড়ে, রমনা থানার সিদ্বেশ্বরীর বালুর মাঠে, ডেমরা থানার শহীদ ফারুক সড়কে, পল্টন থানার শান্তিনগরে, সবুজবাগের মুগদাপাড়া কমিউনিটি সেন্টারের সামনে, মতিঝিলের ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে, খিলগাঁওয়ের রামপুরা আল আমিন সুপার মার্কেটের সামনে, পল্লবী ৬ নং ওয়ার্ড কমিশনারের কার্যালয়ের সামনে, ধানমন্ডির নিউ মার্কেট ওভারব্রীজের নীচে, মধ্য বাড্ডা হোসেন মার্কেটের সামনে, তেজগাঁওয়ের স্টেশন রোডে, লালবাগের নবাবগঞ্জ সেকশনে, শ্যামপুরের আলম মার্কেটের সামনে, কাফরুলে রোকেয়া সরনীতে, মোহাম্মদপুরে বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে, গুলশানের বনানী কাঁচাবাজার এলাকায়। শ্রমিকদলের উদ্যোগে সমাবেশ হয় বাংলাদেশ ব্যাংকের শাপলা চত্বরে। এসব সমাবেশে নেতৃত্ব দেন ঢাকার আটটি নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্যরা।

অনির্দিষ্টকাল অবরোধের তৃতীয় দিনেও রাজপথ ছিল রিকশার দখলে। সকালে মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলিস্তান, টিকাটুলি ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় কিছু কিছু সিএনজি অটোরিকশা ও মিশুক চলেছে। রাস্তায় বাস ও অন্য পরিবহন খুব একটা না থাকায় অফিস যাত্রীরা টানা তৃতীয় দিনের মত সীমাহীন দুর্ভোগের শিকার হয়।

সকালের দিকে বাস টার্মিনালগুলো থেকে দুই একটি বাস রাস্তায় নামলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এদিকে ঢাকা-আরিচা, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-বগুড়া মহাসড়ক অবরুদ্ধ ছিল তৃতীয় দিনের মতো। কোথাও কোন যানবাহন চলাচল করেনি। এসব মহাসড়কও ছিল রিকশার দখলে।

লঞ্চ ও রেলওয়ে যোগাযোগ ব্যবস্থাও ছিল একই রকম। সদরঘাট, কমলাপুর, মহাখালি, সায়েদাবাদ-যাত্রাবাড়ি ও গাবতলি টার্মিনালগুলো ছিল পরিবহন ও জনশূন্য। রাজধানীর সকল ব্যবসা-বাণিজিক কার্যক্রম এবং লেনদেনও প্রায় বন্ধ থাকে। সরকারী-বেসরকারী অফিস আদালতগুলো ফাঁকা ছিল। শিক্ষা প্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্স ছিল বন্ধ। সামান্য সংখ্যক মানুষকেই রাস্তায় চলাচল করতে দেখা গেছে।

এদিকে আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, শহরের গাঙ্গিনার পাড় এলাকায় বিকেলে সাড়ে ৫টার দিকে অবরোধকারীরা বিএনপির একটি মিছিলে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ১৪ দল নেতাকর্মীরা বিএনপির মিছিলকারীদের ধাওয়া করে ওই স্থান থেকে হটিয়ে দেয়। কিছুক্ষণ পর বিএনপি সমর্থকরা শক্তিবৃদ্ধি করে গাঙ্গীনা এলাকায় ফিরে এলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয় । পুলিশ ১৫/২০ রাউণ্ড গুলি ছুঁড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। উভয় দলের বিক্ষুব্ধ কর্মীরা এ সময় পুলিশ সদস্যদেরও তাড়া করে।

আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার বেলা ১১টার দিকে কুলিয়াচরের কাছে অবরোধে পড়লে কিশোরগঞ্জ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । এরপর দুপুর ১টার দিকে ট্রেনটি কুলিয়াচর থেকে কিশোরগঞ্জ রওনা দিলেও জেলা সদরের সিদ্ধেশ্বরী এলাকায় অবরোধের কারণে দেড়টার দিকে গচিহাটায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি কিশোরগঞ্জে ফিরে যায়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান,

খুলনা প্রতিনিধি জানান, অবরোধের তৃতীয় দিনও খুলনা ছিল শান্ত। মহানগরীর ও জেলার ২৯টি পয়েন্টে অবরোধ কর্মসূচি চলছে। তবে কোন রকম সহিংসতার ঘটনা ঘটেনি। খুলনার হপয়মড় অন্যান্য জেলার যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে গেছে।

খুলনা থেকে কোন দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। নগরীতে চলাচল করেনি আন্তঃনগর বাস এবং টেম্পো। ট্রেন এবং লঞ্চ চলাচলও ছিল বন্ধ। তবে নগরীতে রিক্সা ও ভ্যান চলাচল করতে দেখা গেছে। স্কুল কলেজে ক্লাস হয়নি। ব্যাংক বীমার প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে কয়েকটি ব্যাংকে অতি গোপনীয়তার সঙ্গে লেনদেন চলেছে।

অবরোধ চলাকালে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খুব সকালে খন্ড খন্ড মিছিল বের হয়। এছাড়া সাংস্কৃতিক কর্মীরা দুপুর থেকে বিকেল পর্যন্ত গণ সংগীত গেয়ে উজ্জিবিত করে রাখেন অবরোধকারীদের। বিকেলেও পুনরায় সমাবেশ এবং সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে ১৪ দল সমর্থকরা।

ফরিদপুর প্রতিনিধি জানান, বিকেল ৫টায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ১৪ দলের নেতা কর্মীদের ধাওয়ায় বিএনপির পূর্ব নির্ধারিত সভা পন্ড হয়ে যায়।

ধাওয়া খেয়ে বিএনপির নেতা-কর্মীরা ছাত্র ভঙ্গ হয়ে গেলে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইচা একটি দোকান ঘরে আশ্রয় নেন।

পরে সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলু এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বিএনপির দুই নেতাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এর আগে ১৪ দলের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হাসিবুল হাসান, খন্দকার মঞ্জুর আলী, মাইনুদ্দীন আহমেদ মানু, খায়রুদ্দিন মিরাজ, সত্যজিৎ মুখার্জী প্রমুখ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে জেলা কার্যালয়, থেকে মিছিল বের করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, অবরোধ কর্মসূচী শান্তিপূর্র্ণভাবে পালিত হয়েছে। অবরোধের কারণে ভোমরা স্থল বন্দর, সুন্দরবন টেক্সটাইল মিলে কোন কাজ হয়নি। সকাল থেকে ১৪ দলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে শহরের হাসপাতাল মোড়ে অবস্থান নিতে থাকে।

হাসপাতাল মোড় অবরোধ পয়েন্টের সমাবেশে বক্তৃতা করেন দলের আহবায়ক ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, এস এম শওকাত হোসেন, আবু নাসিম ময়না, ফিরোজ কামাল শুভ্র, প্রমুখ।

এ ছাড়া টানা তিনদিনের অবরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর স্থবির হয়ে পড়েছে। ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে ভারতীয় আমদানী পণ্য বাহী বাংলাদেশমুখী পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়েছে। ভোমরা বন্দরেও প্রায় আড়াই শ পণ্যবাহী ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে।

এরই মধ্যে বন্দরে বড় ধরনের জটের সৃষ্টি হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছেন, মালামাল খালাস করা গেলেও তা বন্দরের বাইরে যেতে পারছেনা অবরোধের কারনে।

এ দিকে রফতানিযোগ্য কোটি কোটি টাকা চিংড়ী ও আটকা পড়েছে সাতক্ষীরায়। মংলাগামী এ সব চিংড়ীবাহী ট্রাক গুলি সাতক্ষীরা ছাড়তে পারছেনা।

অপরদিকে চট্টগ্রাম-কক্সবাজার থেকে সাতক্ষীরামুখী চিংড়ী পোনাবাহী বিপুলসংখ্যক পিকআপ-ট্রাক-আটকা পড়েছে অবরোধের কারণে।