মেহেরপুরে বোমায় একজন নিহত
সন্ত্রাসীদের বোমা হামলায় সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন গাংনী উপজেলায় রোববার গভীর রাতে। তিনি পৌর বিএনপির সভাপতি।
পুলিশ সুপার এস এম রোকনুদ্দিন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছিল। তবে পরে তাদের ছেড়ে দেয়া হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার চৌগাছাপাড়ার নিজ বাড়িতে ঘুমানোর সময় সন্ত্রাসীরা সিদ্দিককে লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে মারে। এতে উড়ে যায় তার হাত পা। রাতেই চিকিৎসার জন্য কুষ্টিয়া নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
