মুফতি হান্নানসহ ৩ জন ফের ৫ দিনের রিমাণ্ডে
নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জেহাদ প্রধান মুফতি আবদুল হান্নান ও তার ভাই মহিবুল্ল্যাহ ওরফে মফিজুর রহমান, হরকাতুল সদস্য বদরুল আলম মিজানকে ফের পাঁচদিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাড্ডা থানার একটি জোড়া খুনের মামলায় আট দিনের রিমাণ্ড শেষে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে একই মামলায় সাত দিনের রিমাণ্ড চাওয়া হলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলাহ আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
২০০৩ সালের ২১ সেপ্টেম্বর বাড্ডা বসুন্ধরা হাউজিং এর দক্ষিণের খালে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে বাড্ডা থানার এস আই আবদুল কাইয়ুম বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। পরের দিন লাশ দুটির পরিচয় মেলে। নিহত দুজনের নাম শহিদুল আলম ও সায়েম বলে জানা যায়।
