২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে উপাচার্যের অপসারণসহ গণনিয়োগ বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট

উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন ও উপ-উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামতের অপসারণসহ চলমান গণনিয়োগ বন্ধের দাবিতে প্রগতিশীল শিক্ষক সমাজ অবস্থান ধর্মঘট করেছে শনিবার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 10:32 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে সিনেট ভবনের সামনে সকাল ৯টায় অবস্থান ধর্মঘট শুরু হয়। শেষ হয় বেলা ১২টায়।

কর্মসূচী চলাকালে সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সিপিবি রাজশাহী জেলা শাখা সাধারণ সম্পাদক কমরেড এনামুল হক সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

এতে অন্যদের মধ্যে অধ্যাপক মিজান উদ্দিন, মু. এম নুরুল্লাহ, মোখলেছুর রহমান, মোজাফ্ফর হোসেন, এএইচএম জেহাদুল করীম, চিত্ত রঞ্জন মিশ্র, আবু নাসের, এসএম আবু বকর, এন্তাজুল এম হক, ফায়েক উজ্জামান, সুজিত সরকার, শাহ আজম শান্তুনু ও রবিউল ইসলাম বক্তব্য রাখেন।

এদিকে চলমান গণনিয়োগ বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন ও সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনের নেতৃত্বে শনিবার দুপুরে ছাত্রলীগ নেতা-কর্মীরা উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে দেখা করেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ চলমান গণনিয়োগ প্রক্রিয়া বন্ধসহ ১২ দফা দাবিতে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন বলেন, যে কোন সংগঠন তার অপসারণ দাবি করতে পারে। তবে সেটা যুক্তিযুক্ত কিনা তা ভেবে দেখতে হবে।

চলমান গণনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম অনুসরণ করেই নিয়োগ দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে নিয়োগ বন্ধের দাবি তোলা ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেন।