২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিপ্রবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১২

ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার রাতে। কিন্তু ছাত্রলীগ তাদের সমাবেশে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 03:48 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

আহতরা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ছাত্রলীগ রাত সোয়া ৮টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পশ্চিম গেটে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন মিছিলকারীরা। এ সময় ছাত্রদলের সহযোগিতায় বহিরাগত ক্যাডাররা হামলা চালায় সমাবেশে ।

কিন্তু ছাত্রদল ক্যাম্পাস শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ আল জামান বলেন, পশ্চিম গেট দিয়ে ছাত্রদলের ৮/১০ নেতার ক্যাম্পাসে ঢোকার সময় ছাত্রলীগের সমাবেশ থেকে খালেদা জিয়াকে কটুক্তি করে শ্লে¬াগান দেয়া হতে থাকে। তাদের নিষেধ করা মাত্র উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।

আহতদের মধ্যে আমিন, জুয়েল. মিলন, ফরিদ, অপূর্ব ও শামিম নামের ছয়জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে উপাচার্যের জনসংযোগ কর্মকর্তা মো: সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।