ঢাকায় বাউচারের ব্যস্ত সফর শুরু
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার শনিবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের গুরুত্বপুর্ণ এ কর্মকর্তার বাংলাদেশ সফর রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। বাংলাদেশে এক দিনের সফরে তিনি ব্যস্ত সময় কাটাবেন। শনিবার সকালে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে তার সাক্ষাতের কথা থাকলেও পরে তা বাতিল করে রোববার সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়।
শনিবার দুপুর আড়াইটায় শেখ হাসিনা ও ৪টায় খালেদা জিয়ার সাথে রিচার্ড বাউচারের সাক্ষাতের কথা রয়েছে। এর মধ্যেই বেলা ১২টায় বাউচার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলন করে সফরের ফলাফল তুলে ধরবেন।
