২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি খোলার তারিখ আবারও পেছালো, প্রগতিশীল শিক্ষকরা ক্ষুব্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার তারিখ আবারও পিছিয়ে গেছে। নিরাপত্তার অজুহাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ছুটি বাড়িয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

২৪ নভেম্বর থেকে পুনরায় ক্লাস শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও বন্ধ থাকছে না হলগুলো। ভর্তি ফরম বিতরণ ও গ্রহণ প্রক্রিয়াও চলবে যথারীতি। শুক্রবার এক জরুরি সিণ্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে নাখোশ প্রগতিশীল শিক্ষক জোট। হলগুলো খোলা রাখার বিপক্ষে তাঁরা মত দিলেও কর্তৃপক্ষ তা এড়িয়ে যাওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ অবস্থায় শনিবার অবস্থান ধর্মঘট পালন করবেন ওই শিক্ষকরা। তাঁরা উপাচার্যের পদত্যাগসহ কঠোর কর্মসূচিও দেবেন বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি ও ক্যাম্পাসের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দ্বিতীয়বারের মতো ছুটি বর্ধিত করে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবদুস সোবহান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ডাক্তার রুস্তমউদ্দিন আহমেদ ক্যাম্পাস বন্ধের মধ্যে আবাসিক হলগুলোও বন্ধ রাখার পক্ষে মতামত দিলেও তা গ্রহণ করা হয়নি।

অধ্যাপক ড. আবদুস সোবহান সাংবাদিকদের কাছে উল্টো প্রশ্ন রাখেন, “যে অজুহাত দেখিয়ে দ্বিতীয়বারের ছুটি বাড়ানো হলো, সেই একই কারণে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জানমালের কোনো ক্ষতি হলে তার জন্য কে দায়ী থাকবে? হলে অবস্থানরত কোনো আবাসিক শিক্ষার্থীর জানমালের কোনো ক্ষতি হলে তার দায়-দায়িত্ব উপাচার্যকেই বহন করতে হবে।”

বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক আফরাউজ্জামান চৌধুরী বলেন, “সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি।” শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তার ব্যাপারে তিনি নিজের ওপর দায়-দায়িত্ব না নিয়ে বলেন, “আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সজাগ রয়েছেন।”

এ ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. এম আলতাফ হোসেন জানান, দেশের বিরাজমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনা করে এবং ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখার লক্ষ্যে সিন্ডিকেট সভা দ্বিতীয়বারের মতো এ ছুটি বাড়ানো হলো।

এদিকে, শিক্ষক সমাজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে উপাচার্যের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়ে চলমান গণনিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবেন শনিবার সকালে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবারের মধ্যে প্রগতিশীল শিক্ষক সমাজের এসব দাবি বাস্তবায়িত না হলে আগামী ৩ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় প্রথম বর্ষের সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা বন্ধসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে তারা জানান।

উল্লেখ্য, ঈদুল ফিতরের ছুটি শেষে ১ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার কথা ছিল। পরে চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে ওই ছুটি ৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়।