২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির নিহত শিক্ষক ড. তাহেরের পরিবার ৮ মাসেও পেনশন-গ্রাচ্যুইটি পায়নি

সন্ত্রাসীদের হাতে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. এস তাহের আহমেদের পরিবার তাঁর পেনশন-গ্রাচ্যুইটির টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবারটির পাশে এসে দাঁড়ায়নি এবং কোনরকম সহযোগিতাও করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। গত আট মাসেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পেনশন ও গ্র্যাচুয়িটির অর্থ দেওয়া হয়নি। এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই প্রথম।

ড. তাহেরের স্ত্রী সুলতানা আহমেদ ও তাদের ছেলে সানজিদ অলভি আহমেদ এই অভিযোগ করেছেন এবং একইসঙ্গে তারা রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধানের কাছে হত্যাকারীদের দ্রুত বিচারের ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন ।

সুলতানা আহমেদ অভিযোগ করেন, তিনি গত ১৮ মার্চ রেজিষ্ট্রার বরাবর আবেদন জানানোর পর থেকে বারবার খোঁজ-খবর নিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে। কিন্তু এ পর্যন্ত পেনশন-গ্র্যাচুয়িটির টাকা দেওয়ার কোনো পদক্ষেপই কর্তৃপক্ষ নেননি। এমনকি ড. তাহেরের অবর্তমানে পরিবারটি কেমন আছে সে খবরও নেয়নি তারা।

সুলতানা আহমেদ অভিযোগ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মচারী মারা গেলে অথবা নিহত হলে এক মাসের মধ্যেই বকেয়া বেতন-ভাতা, পেনশন-গ্র্যাচুয়িটি পেয়ে যায় তাদের পরিবার। অথচ শুধু রাজনৈতিক কারণেই ড. তাহেরের পরিবার দীর্ঘ আট মাসেও পেনশন ও গ্র্যাচুয়িটির অর্থ পায়নি।”

সুলাতান আরও বলেন, “বিশ্ববিদ্যাল্যয়ের চাকরি জীবনে ড.তাহের সৎ ও নিষ্ঠার সাথে ছাত্রদের আদর্শের শিক্ষা দিয়েছেন। অথচ তাঁকে নিজের ছাত্রের হাতেই খুন হতে হলো। এ লজ্জা ও দুঃখের কথা বলার জায়গা নেই। বিশ্ববিদ্যালয়ের গায়ে কালিমা লেপন করে যারা খুন করলো তাদের ক্ষমতা এতোটাই বেশি যে হত্যাকান্ডের বিচার আজ অবধি শুরুই হলো না।”

তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, “দুটি ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি। বড় ছেলে সানজিদ অলভি আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনান্সে এমবিএ পড়ছে। সে লেখাপড়ার পাশাপাশি বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করে সংসার খরচ চালাচ্ছে। মেয়ে সেগুফতা তাবাস্সুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ওর লেখাপড়ার খরচ অনেক বেশি। দুই ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালিয়ে সংসার পরিচালনা আমাদের কাছে রীতিমতো এক যুদ্ধ।”

ড. তাহেরের স্ত্রী বলেন, “এ অবস্থায় আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। একমাত্র ভরসা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানেও আমরা বঞ্চিত। এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতিই আমাদের শেষ আশ্রয়স্থল।”

এসব অভিযোগের ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলতাফ হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তার পি এস মামুন জানান, “স্যার মিটিং-এ আছেন”।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, এই টাকা একটি প্রক্রিয়ার মাধ্যমে নিতে হয়। ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স, লাইব্রেরির ক্লিয়ারেন্স নিয়ে ড. তাহেরের পরবিার থেকে যোগাযোগ করা হয়নি। এসব ক্লিয়ারেন্স নিয়ে যোগাযোগ করলে দ্রুত টাকা দেয়া হবে। ড. তাহেরের পরিবারের কোন খোঁজ খবর নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ১২ মাসের পাওনা বেতন ও ইন্সুরেন্সের টাকা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এবছরের ১ ফেব্রুয়ারি রাতে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ড. তাহেরকে হত্যার পর লাশ গুম করে। ৩ ফেব্রুয়ারি তাঁর বিশ্ববিদ্যালয়ের পাশের একটি সেপটি ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়।