২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভির খবরে কিছুটা হলেও ভিন্নতার ছোঁয়া

বাংলাদেশের টেলিভিশনের (বিটিভি) রাত ৮ টার সংবাদ প্রতিদিনের চেয়ে কিছুটা ভিন্নতা দিয়ে দর্শকদের একটু হলেও স্বস্তি এনে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 10:42 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাকুঞ্জে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের দেওয়া ভাষণের মধ্য দিয়ে বিটিভির রাত ৮ টার সংবাদ শুরু হয়। এ সংবাদের জন্য বিটিভির বরাদ্দ ছিল তিন মিনিট ৪৫ সেকেন্ড।

রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে ফ্রান্সের ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের সাক্ষাতের সংবাদটি বিটিভির সংবাদে দ্বিতীয় স্থানে ছিল।

বিটিভির সংবাদে তৃতীয় শীর্ষ সংবাদ ছিল জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে অর্থ উপদেষ্টা আকবর আলী খানের বৈঠক।

অপর চারজন উপদেষ্টার বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকার সংবাদের জন্য বরাদ্দ প্রায় তিন মিনিট সময়। গুরুত্বের দিক থেকে চতুর্থ থেকে সপ্তম স্থানে ছিল এ সংবাদগুলো।

রাজনৈতিক সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে সময়ের দিক থেকে ভারসাম্য রাখা হলেও নিরপেক্ষতার দিক থেকে ভারসাম্য ছিল না মোটেও।

বিটিভির অষ্টম সংবাদে আওয়ামী লীগকে স্থান দেওয়াতেই তার মোক্ষম প্রমাণ মেলে। এসময় প্রচার হয় মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসের সাথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বৈঠক।

গত কয়েকদিনে বিটিভির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠায় তা কিঞ্চিত হলেও লাঘব করতে হাসিনার বৈঠকের খবরের পরে সম্প্রচার করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠকের সংবাদ।

বিটিভির সংবাদে মোট ২৮ টি সংবাদের মধ্যে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ সংবাদ সম্প্রচারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩০ সেকেন্ড।

মোট ২৫ মিনিটের রাত ৮ টার সংবাদে আন্তর্জাতিক এবং খেলার খবর সম্প্রচারের জন্য সময় নেওয়া হয়েছে ৫ মিনিট।

প্রাইম টাইমের এই সংবাদে বিটিভি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বন্ধুত্বের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সুইস উৎসব, গ্রামীণ ব্যাংক ও গ্রুপে ডানোনের যৌথ উদ্যোগে ১০ লাখ মার্কিন ডলারের খাদ্য উৎপাদন প্রকল্পের উদ্বোধন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদের সাক্ষাৎ, বাংলাদেশ আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনের খবরও সম্প্রচার করা হয়েছে।