২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের হিজলায় বিআইডাব্লিউটিসির জাহাজে হামলা-ভাংচুর

হিজলা উপজেলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিআইডাব্লিউটিসির মালবোঝাই একটি নৌযানে বুধবার হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

মেঘনায় জাল ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিবাদে এলাকাবাসী ও জেলেরা সন্ধ্যায় যৌথভাবে হামলা চালিয়ে নৌযানের জানালার কাঁচসহ আসবাবপত্র ভাংচুর করে।

পরে হিজলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নৌযানটি বাউশিয়া ঘাটে পুলিশী প্রহরাধীন রয়েছে।

হিজলা থানার এসআই জহিরুল ইসলাম জানিয়েছে, ওই নৌযানটি ভারত থেকে সিমেন্ট তৈরির কাচামাল কয়লার অ্যাশ নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এটি বাউশিয়া ঘাট অতিক্রমের সময় কয়েকটি জাল ছিঁড়ে যায়। ক্ষুদ্ধ জেলেরা পরে এলাকাবাসীদের নিয়ে নৌযানটিতে হামলা চালায়।

হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার বণিক জানিয়েছেন, জেলে ও নৌযানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সন্ধ্যা ৭টার দিকে সমঝোতা বৈঠক বসে। নৌযান কর্তৃপক্ষ জেলেদের ক্ষতিপূরণ দেবে বলে প্রাথমিকভাবে তাকে জানিয়েছেন।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকের ফলাফল জানা যায়নি।