২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত দাবি

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উষ্কানিমূলক বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত মঙ্গলবার দাবি করেছেন চার দলীয় জোট নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দলীয় নেতাকর্মীদের লগি ও বৈঠা নিয়ে ঢাকায় আসার আহ্বান জানানোর মাধ্যমে শেখ হাসিনা হত্যা ও নৈরাজ্যের সৃষ্টি করেছিলেন বলেও তারা অভিযোগ করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত এক সমাবেশে তারা হাসিনার বক্তব্য নিয়ে তদন্ত করে দেখার জন্য একটি বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানান।

মহানগর জামায়াতের আমির শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, বিএনপি নেতা দস্তগীর চৌধুরী, গোলাম আকবর খন্দকার এবং জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

সমাবেশে নেতারা বলেন, সামরিক সরকার উৎখাতের পর দেশে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করা হয়, তা আজ হুমকির মুখে।

তারা অভিযোগ করেন, “আওয়ামী লীগের পক্ষে যা বলা হয় তাই নিরপেক্ষ, অন্যকিছু নয়।”