রাষ্ট্রপতির কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিয়েছে বিভিন্ন সংগঠন
নিরপেক্ষতা বজায় রাখাসহ অন্যান্য দাবিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মঙ্গলবার রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে পৃথক পৃথক স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপি প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে, সম্মিলিত নাগরিক আন্দোলন, জয়বাংলা সাংস্কৃতিক জোট, রিকশা মালিক কর্মচারি সংগ্রাম পরিষদ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে পক্ষপাতশূণ্য থাকার জন্য স্মারকলিপিতে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে।
কাজী ফারুক আহমেদের নেতৃত্বে সম্মিলিত নাগরিক আন্দোলন প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে বিএনপি ও জামায়াতের কর্মকর্তাদের অপসারণের দাবি জানানো হয়।
এদিকে ১৪ দলীয় জোটের নারী সংগঠনগুলোও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে তারা কামরাঙ্গীর চরে এক বালিকা ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়। মেয়েটির বাবা আওয়ামী লীগের সমাবেশে যোগ দেওয়ায় তাকে ধর্ষণ করা হয়েছে বলে তারা স্মারকলিপিতে বলেন।
