২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের হজ ফ্লাইট: দুটি বোয়িং এর মধ্যে সংগ্রহ হয়েছে একটি

এবছর হজ ফ্লাইট নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় দুটি বোয়িং বিমানের মধ্যে একটি সংগ্রহ করা সম্ভব হয়েছে। বিমান সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের ‘এয়ার আটলান্টা ইউরোপ’ থেকে একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ ভাড়া করতে পেরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে হজ ফ্লাইট পরিচালনার জন্য আরো একটি বোয়িং-৭৪৭ সংগ্রহ করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এদিকে সময়মতো হজ ফ্লাইট চালাতে বিমানের হাতে আছে আর মাত্র ১৮ দিন।

নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন মুখপাত্র মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, এয়ার আটলান্টা ইউরোপ থেকে ভাড়া নেওয়া হয়েছে ওই বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি। বিমান কর্তৃপক্ষ তাদের প্রতিনিধিত্বকারী সংস্থা অসবান এর সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তিও করেছে। এখন তারা চেষ্টা করছে আরেকটি বোয়িং-৭৪৭ সংগ্রহ করার। এজন্য কয়েকটি উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

শিগগিরই কাঙ্খিত উড়োজাহাজটি পাওয়া যাবে বলে মুখপাত্রটি আশা প্রকাশ করে বলেছেন, ২৬ নভেম্বর যথাসময়েই শুরু হবে বিমানের হজ ফ্লাইট।

বিমান সূত্র মতে, পাঁচ মাস আগে হজ ফ্লাইটের জন্য দরপত্র আহ্বান করে একেবারে শেষ মূহুর্তে উড়োজাহাজ সংগ্রহ করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘটনা বিমানের ইতিহাসে বিরল।

এদিকে ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বছর ৪৭ হাজারের বেশি নাগরিক হজ আদায় করতে পারেন। এর মধ্যে অর্ধেক বিমানের এবং বাদবাকী সৌদিয়ার পরিবহন করার কথা।

সূত্রটি জানায়, সৌদি এয়ার জনপ্রতি হজ যাত্রীর পরিবহন ভাড়া এক হাজার ২০০ মার্কিন ডলার নির্ধারণ করায় বিমানকেও এই ভাড়াতেই হজ যাত্রী পরিবহন করতে হচ্ছে।

গত বছর বিমান প্রায় ২৫ হাজার হজ যাত্রী পরিবহন করে। এসময় জনপ্রতি হাজীর বিমান ভাড়া ছিল এক হাজার ৫০ মার্কিন ডলার। সৌদিয়াও একই ভাড়ায় সমান সংখ্যক হজ যাত্রী পরিবহন করে।