২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউএফপি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক

খাদ্য নিরাপত্তা, ক্ষুধা ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য সোমবার সাত সাংবাদিককে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ খাদ্য কর্মসূচি এই পুরস্কার ঘোষণা করে।

অ্যাওয়ার্ডে প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে ইংরেজি দৈনিক নিউ এজ এর প্রতিবেদক খাজা মইনউদ্দিন প্রথম পুরস্কার এবং বাংলা দৈনিক নয়া দিগন্ত এর প্রতিবেদক আশরাফ আলী দ্বিতীয় পুরস্কার লাভ করেন।

অপরদিকে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে এনটিভির তালাত মামুন প্রথম এবং চ্যানেল আই এর শাইখ সিরাজ দ্বিতীয় পুরস্কার লাভ করেছেন।

এছাড়া ঢাকার বাইরে থেকে প্রকাশিত প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে এফ শাহজাহান পেয়েছেন বিশেষ পুরস্কার। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে যথাক্রমে ইংরেজী দৈনিক ডেইলি স্টার এর প্রতিবেদক রফিক সরকার এবং চ্যানেল ওয়ান এর প্রতিবেদক কেরামত উল্লাহ বিপ্লব বিশেষ পুরস্কার পান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সাংবাদিক ওবায়দুল হক। তিনি বলেন, গণমাধ্যম এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি নিবিড় সম্পর্ক খাদ্য নিরাপত্তা ইস্যুতে নীতিমালা প্রনয়ণে সাহায্য করতে পারে।

বাংলাদেশে ডব্লিউএফপি এর আবাসিক প্রতিনিধি ডগলাস ব্রডরিক বলেন, এই পুরস্কার সমাজের চরম দারিদ্র জনগোষ্ঠির উপকারের জন্য গণমাধ্যম ব্যক্তিত্বদের খাদ্য নিরাপত্তা ইস্যুতে প্রতিবেদন প্রকাশে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএফআইডির সিনিয়র উপদেষ্টা পেনি ডেভিস।