ইরান তিন মাস বাকিতে তেল দেবে বাংলাদেশকে
ইরান সরকার আগামী তিন মাস তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে বাকিতে তেল সরবরাহ করবে। রাষ্ট্রপতির তথ্যসচিব ও বঙ্গভবন মুখপাত্র মোখলেসুর রহমান সোমবার এ তথ্য জানিয়েছেন।
সকালে ইরানের বিদায়ী রাষ্ট্রদূত মুহাম্মদ বেহেশতি মনফেরেদ রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বঙ্গভবনে দেখা করে এই প্রতিশ্রুতি দেন।
রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেলে ইয়াজউদ্দিন আহম্মেদ তাঁকে (রাষ্ট্রদূত) ছয় মাস বাকিতে তেল সরবরাহের অনুরোধ করেন। তবে ইরান কি পরিমাণ তেল বাকিতে দিবে সে বিষয়ে কোন প্রতিশ্রুতি দেয়নি।
গত ২০০৫-০৬ অর্থ বছরে বিশ্বের কয়েকটি তেল রপ্তানিকারক দেশ থেকে বাংলাদেশ ২ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের তেল আমদানি করেছে। এর বেশিরভাগই আমদানি করা হয়েছে কুয়েত থেকে।
বিদায়ী রাষ্ট্রদূত আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানের বিষয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন।
রাষ্ট্রপতি ইরানী দূতকে দু'দেশের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়েও অনুরোধ জানান।
