এরশাদ চার দলের জোটে যাচ্ছেন না
খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোটে যাচ্ছেন না সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
সোমবার দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানালেন, “চার দলের সঙ্গে না যাওয়ার সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত। আর কোনো জোটে যাওয়ার বিষয় এখনও স্থির করিনি। আমরা একলা থাকবো ও তিনশো আসনে নির্বাচন করবো। জাতীয় পার্টির জনপ্রিয়তা এখন গতবারের তুলনায় দ্বিগুণ”।
জি এম কাদেরের সঙ্গে গোলমাল মিটে গেছে কি-না এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “তার বিষয়ে এখনো আমি কিছু বলতে পারবো না”।
চার দলে যাওয়ার বিষয়ে নিজের অঙ্গিকার সম্পর্কে প্রশ্ন করা হলে এরশাদ বলেন, “ওটা ছিল আমার সিদ্ধান্ত। দলের নয়। আর এখন মনে হচ্ছে ওরকম কথা বলা ভুল হয়ে গিয়েছিল”।
জাতীয় পার্টির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জিএম কাদের ছাড়া সভাপতিমণ্ডলীর সব সদস্যই উপস্থিত ছিলেন।
দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে এরশাদ সাংবাদিকদের বলেন, “চার দলীয় জোটে যাওয়া সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছিল। কিন্তু দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বুঝলাম এতে অনেকেই খুশি নন। দলের সংসদ সদস্য এবং সভাপতিমণ্ডলীর অনেকেই আমাকে জানিয়েছেন, চার দলীয় জোটে গেলে আমাদের রাজনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে যাবে। সবদিক বিবেচনা করে চার দলে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি”।
