১১ নভেম্বর ঢাকা আসছেন রিচার্ড বাউচার
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার ১১ নভেম্বর ঢাকা এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাউচার ১১ নভেম্বর দুদিনের সফরে বাংলাদেশে পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার নিশ্চিত করেছেন।
ঊর্দ্ধতন এই মার্কিন কর্মকর্তা একইসঙ্গে ভারত, পাকিস্তান ও নেপাল সফর করবেন।
বাউচার সফরের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ জনগণের সঙ্গে কথা বলবেন।
এর আগে চলতি বছরের আগস্টে ঢাকা সফরের সময় বাউচার রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করার আহ্বান জানিয়েছিলেন।
মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র জানান, এই সফরের সময় রাষ্ট্রপতি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে তাঁর দেখা করার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে।
