৭ জঙ্গির আপিল শুনানি ৭ দিন মুলতুবি
ঝালকাঠিতে বিচারক হত্যা মামলায় জঙ্গিদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতুবি করেছেন আপিল বিভাগ।
শায়খ আবদুর রহমান এবং সিদ্দিকুল ইসলাম ‘বাংলা ভাই’সহ অন্য জঙ্গিদের পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করতে রাজি না হওয়ায় প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামি রোববার পুনরায় শুনানির তারিখ নির্ধারণ করেন।
রোববার অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী জঙ্গিদের পক্ষে আইনজীবী নিয়োগের জন্য আদালতের কাছে এক সপ্তাহ সময় চান।
চলতি বছরের ৩১ আগস্ট হাইকোর্ট ঝালকাঠি বিচারক হত্যা মামলায় সাত জঙ্গির মৃত্যুদণ্ড নিশ্চিত করেছিল।
ঝালকাঠি বিচার আদালত ২৯ মে সাত শীর্ষ জঙ্গি শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আওয়াল, মামুন, আরিফ এবং খালেদ সাইফুল্লাহর ফাঁসির নির্দেশ দেয়।
