২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাইসের প্রতি দুই সিনেটর: ধর্মীয় উগ্রবাদ বন্ধে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানান

আগামী নির্বাচনকে ঘিরে ক্রমবর্ধমান ধর্মীয় উগ্রবাদ ও সহিংসতার দিকে সজাগ দৃষ্টি রাখতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে আহ্বান জানিয়েছেন দুই মার্কিন সিনেটর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সিনেটর রিক স্যানটোরাম ও জোসেফ লিবারম্যান ২ নভেম্বর রাইসের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, সংখ্যালঘু ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনসহ ভোট নিয়ে প্রতারণা বন্ধে এবং নির্বাচন ও নির্বাচনপরবর্তী সময়ে সংখ্যালঘুবিরোধী ও জঙ্গি সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে আমাদের সরকারের অনুরোধ জানানো উচিত।

দুই সিনেটর ওই চিঠিতে আর্ন্তজাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন (ইউএসসিআইআরএফ) এর সুপারিশের কথা উল্লেখ করেন। কমিশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে ই-মেইলে পাঠানো ওই চিঠির অনুলিপিতে বলা হয় ধর্মীয় উগ্রবাদ, চলমান রাজনৈতিক সহিংসতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ধর্মীয় স্বাধীনতা সুরক্ষাকারী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে হুমকিগ্রস্ত করছে।