২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতিকে বিএনপির ১০ দফা

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ১০ দফা দাবি জানিয়েছে আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 03:37 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং অবিলম্বে ভোটার তালিকা প্রকাশ এবং প্রশাসনে সতর্কতার সঙ্গে বদলি ও পদায়ন বিএনপির দাবিগুলোর মধ্যে অন্যতম। পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য দুই উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার প্রায় পৌণে দুই ঘন্টা স্থায়ী বৈঠকে বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়ার সঙ্গে ছিলেন ড. খন্দকার মোশররফ হোসেন. খন্দকা মাহবুবউদ্দিন আহমেদ, তানভীর আহমেদ সিদ্দিকী, মওদুদ আহমেদ।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রস্তাবিত ১০ দফার বিভিন্ন দিক তুলে ধরেন।

মান্নান ভূঁইয়া বলেন, রাষ্ট্রপতিকে নিরপেক্ষভাবে সব ভয়-ভীতির উর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, “আমরা বলেছি চাপের কাছে নতি স্বীকার করে আওয়ামী লীগের সব কথা শুনলে চলবে না। কারণ বিএনপিও একটি বড় দল”।

রাষ্ট্রপতিকে দেওয়া বিএনপির অন্য দফাগুলোর মধ্যে আছে, প্রথমত সংবিধান বহির্ভুত কাজ না করা। এর আগে গত দুইদিন ধরে মান্নান ভূঁইয়া বলে এসেছেন যে, সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করা যায় না।

দ্বিতীয়ত, চাপের কাছে নতি স্বীকার না করা। তৃতীয়ত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার আগের মুহূর্তে দেশজুড়ে নৈরাজ্য ও সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, চতুর্থত কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত না নেওয়া কারণ প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের দায়িত্ব-রুটিন কাজ, পঞ্চমত হাইকোর্টের রায় অনুযায়ী ভোটার তালিকা দ্রুত ছাপার ব্যবস্থা করা, ষষ্ঠত সংযোজন-বিয়োজন করে ভোটার তালিকা চূড়ান্ত করা আর এসময়ে ছবিসহ ভোটার আইডি কার্ড সম্ভব নয়, সপ্তমত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট না এমন প্রজাতন্ত্রের কর্মচারীদের বদলি না করা, অষ্টমত বিগত সনকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখা, নবমত দুই উপদেষ্টা নিয়মবহির্ভূতভাবে সাক্ষাৎ করেছেন বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সবশেষে রয়েছে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুততার সঙ্গে নির্বাচনের কাজ শুরু করার দাবি।